বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : বরাক উপত্যকার এক ব্যতিক্রমী লোকসংস্থা সম্মিলিত লোকমঞ্চ গত ১২ বছর ধরে অঞ্চলের নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি ও লোকসঙ্গীতের প্রচার, প্রসার এবং সংরক্ষণে কাজ করে আসছে। সংস্থার পক্ষ থেকে প্রতি বছর বরাক উপত্যকাভিত্তিক সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতা ও একক ধামাইল কন্যা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া প্রতি মাসে স্থানীয় ও উদীয়মান শিল্পীদের নিয়ে ‘লোককণ্ঠ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারও সংস্থার পক্ষ থেকে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ধামাইল প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে প্রচুর দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সংস্থার মতে, এই আয়োজনের মাধ্যমেই অঞ্চলের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত বছর বাংলাদেশ থেকেও দুটি দল এসে প্রদর্শনী ধামাইল পরিবেশন করেছিল, যা সংস্থার জন্য বড় অর্জন বলে দাবি করা হয়। এছাড়া তিন বছর ধরে সংস্থা ২৬ মে ‘ধামাইল দিবস’ পালন করে আসছে। ধামাইল নৃত্যকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে আসাম সরকারের কাছে সম্মিলিতভাবে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে বলা হয়, সবার আশীর্বাদ ও ভালোবাসায় সম্মিলিত লোকমঞ্চ এগিয়ে চলছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ড. অপ্রতিম নাগ, সহ-সভাপতি কৃষ্ণেন্দু নাথ, গৌরীশঙ্কর নাথ, সুপ্রদীপ দত্ত রায়, রসরাজ দাস, কার্যকারী সভাপতি গৌতম সিনহা, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, সম্পাদক ভাস্কর দাস, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চক্রবর্তী, সদস্য পরিতোষ চক্রবর্তী ও শান্তিকুমার ভট্টাচার্য প্রমুখ।



