বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : রাজ্যজুড়ে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে ধুবড়ি জেলায় ব্যাপক অভিযান চালিয়ে মোট ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাপ্ত খবর অনুযায়ী, ধুবড়ি সদর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে শুধু বিয়ের সঙ্গে জড়িত বররাই নন, এই বেআইনি কাজে সহযোগিতা করার অভিযোগে নাবালক-নাবালিকাদের অভিভাবকদেরও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ধুবড়ি, গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনি, সাপটগ্রাম, বিলাসীপাড়া, চাপর এবং ফকিরগঞ্জ থানায় নথিভুক্ত বাল্যবিবাহের বিভিন্ন মামলার ভিত্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানে সব মিলিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে রাজ্যজুড়ে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।





