সর্বভারতীয় থাং-টা চ্যাম্পিয়নশিপে সোনা জিতল আসাম বিশ্ববিদ্যালয়

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭ এ সোনার পদক জয় করল শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে একের পর এক ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের দল।

সোমবার থেকে মণিপুরের ইম্ফলে শুরু হয়েছে এই সর্বভারতীয় প্রতিযোগিতা। ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয়ের হয়ে থাং-টা ইভেন্টে অংশগ্রহণ করেন তাইবাং নগনবা সাগাপাম (Taibang Nganba Sagapam)। কোয়ার্টার ফাইনালে ক্লাস্টার বিশ্ববিদ্যালয়কে ২২-৩ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছায় আসাম বিশ্ববিদ্যালয়। এরপর সেমিফাইনালে অ্যাপেক্স বিশ্ববিদ্যালয়কে ১৭-৭ পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে মণিপুর বিশ্ববিদ্যালয়কে ১২-৯ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক জয় করে আসাম বিশ্ববিদ্যালয়।

আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের উদ্যোগে গঠিত বিশ্ববিদ্যালয় দলের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন চারজন মহিলা ও তিনজন পুরুষ খেলোয়াড়। দলের কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সদস্য কে আনন্দকুমার সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *