রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে গ্রাম কাছাড়-সহ গোটা বরাক উপত্যকা। ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি ও শান্তির দেবী মা লক্ষ্মীর আরাধনাকে ঘিরে সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোকে সামনে রেখে বাজারে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। ফলমূল, ধান, পূজার সামগ্রী-সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ।
প্রতি বছরের মতো এবারও আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপুজোকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রবিবার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনার আয়োজন করা হবে। পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনায় ভক্তিভরে দেবীর পুজোয় সামিল হবেন অগণিত পুণ্যার্থী।

লক্ষ্মীপুজো উপলক্ষে শিলচর শহর-সহ বরাক উপত্যকার বিভিন্ন বাজারে ইতিমধ্যেই জমে উঠেছে কেনাকাটা। শনিবার শহরের বিভিন্ন বাজারে ফলমূল, ধান এবং পুজোর অন্যান্য সামগ্রী কিনতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, বিভিন্ন এলাকায় চলছে লক্ষ্মী প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ। কোথাও প্রতিমাকে মনোরম রূপে সাজিয়ে তোলার ব্যস্ততা, আবার কোথাও ব্যবসায়ীরা সাজিয়ে বসেছেন লক্ষ্মী প্রতিমার পসরা।

পুজোর দিন সন্ধ্যায় লক্ষ্মীপাঁচালি পাঠ এবং পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। পাশাপাশি, ঘরবাড়ি সাজিয়ে তুলতে মহিলারা ব্যস্ত থাকবেন আলপনা আঁকায়। পারিবারিক সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বহু বাড়িতে সমবেতভাবে লক্ষ্মীপুজোর আয়োজন করা হবে।

সব মিলিয়ে শারদীয় দুর্গোৎসবের পর এবার ধন-সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে বরণ করে নিতে প্রস্তুত গ্রাম কাছাড়-সহ গোটা বরাক উপত্যকার মানুষ। পুজোকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।



