সোনাই নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর দেহ উদ্ধার, শোকের ছায়া চেকারচামে

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : সোনাই নদীতে তলিয়ে যাওয়া ৪৬ বছর বয়সি গৃহবধূ অঞ্জু বর্মনের নিথর দেহ উদ্ধার হল। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ নদী থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। খবর ছড়িয়ে পড়তেই পূ্র্ব ধলাই চেকারচামজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর পরিবার-পরিজন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার-পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা নাগাদ নদীর তীরে থেকে গরু আনতে যান। এরপর সন্ধ্যা হওয়ার পরও ঘরে না ফেরায় খোঁজ শুরু হয়। নদীর তীরে তাঁর চটি পড়ে থাকতে দেখে জলে ডুবে যাওয়ার সন্দেহ হয়। রাতেই নদীতে খুঁজতে শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় SDRF-এর উদ্ধারকারী দলকে। শুক্রবার সারাদিন বাহিনী তল্লাশি চালায়। অবশেষে রাতে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারে রয়েছেন স্বামী ও দুই সন্তান। তাঁর স্বামী দীর্ঘ বছর ধরে পক্ষাঘাতে ভুগছেন। বিছানায় শয্যাশায়ী।  তাঁদের সাত বছরের এক সন্তান কয়েক বছর আগে নদীতে ডুবে মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *