পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : অসমের সমস্ত মেডিক্যাল কলেজে স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের দাবি জানাল উত্তর-পূর্ব ভারতভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে ইমেল পাঠিয়েছেন পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে। মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে তিনি উল্লেখ করেন, অসমের বিভিন্ন মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদ স্থায়ীভাবে পূরণ করা হয়নি। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষদের দিয়েই সংশ্লিষ্ট কলেজগুলির প্রশাসনিক দায়িত্ব পরিচালিত হচ্ছে। একইভাবে উপাধ্যক্ষের পদগুলিতেও স্থায়ী নিয়োগের পরিবর্তে ভারপ্রাপ্তদের মাধ্যমে কাজ চালানো হচ্ছে।
রাজ্যের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির সুষ্ঠু পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্থায়ী অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগ অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই পদগুলিতে স্থায়ী নিয়োগ না হওয়ায় প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা ও কার্যকর পরিচালনার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলেও মনে করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে দ্রুত স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ করা হলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি, মেডিকেল কলেজগুলির প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং চিকিৎসা পরিষেবার উন্নয়নেও গতি আসবে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে পরিষদ।



