বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : পাঁচ দিন ধরে ধুমধাম করে চলা শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে বুধবার। তবে দুর্গাপুজোর কয়েক দিনে গুয়াহাটি মহানগরীতে ঘটেছে শতাধিক ছোট-বড় পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলিতে বহু মানুষ আহত হয়েছেন, পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৯ জন।
গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ)-এর নথিভুক্ত তথ্য অনুযায়ী, দুর্গাপুজোর সময় ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ১১৪ জন দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ৮২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, ৯ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার এই তথ্য জানান জিএমসিএইচের অধীক্ষক ডাঃ দেবজিৎ চৌধুরী।
সংবাদমাধ্যমের সামনে ডাঃ চৌধুরী জানান, ১৬ থেকে ২১ অক্টোবরের মধ্যে দুর্ঘটনায় আহত মোট ১১৪ জনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে ৮২ জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং ১৫ জন মহিলা। এছাড়া ৯ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, যাঁদের মধ্যে ৮ জন পুরুষ এবং একজন মহিলা।

তিনি আরও জানান, অধিকাংশ দুর্ঘটনা গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘটেছে। রাজ্যের অন্যান্য স্থান থেকে উন্নত চিকিৎসার জন্য মাত্র কয়েকজনকে জিএমসিএইচে পাঠানো হয়েছিল। দুর্ঘটনাগ্রস্তদের বেশিরভাগই ছিলেন মোটরবাইক আরোহী। তাঁদের মধ্যে প্রায় ৩৬ জনের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তবে গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনার হার প্রায় ১৫ শতাংশ কমেছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, বর্তমানে দুর্ঘটনায় আহত প্রায় ২০ শতাংশ রোগীর অবস্থা সংকটজনক। তাঁদের শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।
ডাঃ দেবজিৎ চৌধুরী বলেন, চিকিৎসাধীন রোগীদের প্রতিদিন সিটি স্ক্যানের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মোটরবাইক আরোহী এবং বাকি ৩০ শতাংশ চারচাকার গাড়ির যাত্রী।



