দুর্গোৎসবে মানবিকতার নজির, দুস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দিল ১৬ নং বস্তি দুর্গাপুজা কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবের আবহে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলো ধলাই সমজেলার অধীন বড়জালেঙ্গা পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬ নং বস্তি মহাদেব বাড়ি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজা কমিটি। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে এলাকার দুস্থ ও অসহায় পরিবারগুলির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে পুজো কমিটি।

আয়োজক পূজা কমিটির সভাপতি অমলেন্দু দাশ বলেন, উৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নতুন বস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলির মধ্যে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে দেখে খুব ভাল লাগল। দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলারও এক অনন্য উপলক্ষ—এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেই বার্তাই তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এধরণের মানবিক কাজে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 

পুজো কমিটির এই উদ্যোগ স্থানীয় স্তরে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এক ইতিবাচক বার্তা বহন করে। সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা শারদোৎসবের মূল চেতনা ও মানবিক মূল্যবোধকে আরও মহিমান্বিত করেছে। উল্লেখ্য, ধর্মীয় উৎসবের আনন্দের সঙ্গে সামাজিক সেবার মেলবন্ধন ঘটিয়ে ১৬ নং বস্তি মহাদেব বাড়ি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজা কমিটির এই উদ্যোগ সম্প্রীতি ও মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে রইল। 

এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে আয়োজক পূজা কমিটির সভাপতি অমলেন্দু দাশ সহ বড়জালেঙ্গা পূর্ব গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা দীপারানি নাথ, শিক্ষাবিদ মৃণালকান্তি নাথ, বিনয় রায়, সর্বাণী নাথ, সমাজকর্মী মৃত্যুঞ্জয় নাথ, সনৎ চৌহান, সমরেশ দাশ, সুমিত দাশ, তাপস দাশ, সুব্রত দাশ, মীনাক্ষী দাশ, মিতালী দাশ, রুবি দাশ, লাভলী দাশ, মৃন্ময় নাথ, পুরোহিত সত্যরঞ্জন শর্মা, সংবাদ কর্মী বিবেকানন্দ দাস, ভঞ্জনকান্তি দাস, বিক্রম রায়, দেবু নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ। 

উল্লেখ্য এদিন এলাকার পঞ্চাশ জন দুস্থ পরিবারের সদস্যদের হাতে বস্ত্র তুলে দেয় পূজা কমিটি। এবছর গ্রামের দুর্গাপূজাকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আয়োজক কমিটির সকল কর্মকর্তাদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন সমাজকর্মী মৃত্যুঞ্জয় নাথ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *