রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : মহানবমীর আনন্দ-উল্লাসে মেতে উঠেছে শিলচর শহর। দেবী দুর্গার আগমনে উৎসবের আনন্দে মাতোয়ারা গোটা শিলচর। মঙ্গলবার মহানবমীর রাতে শহরের প্রতিটি পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপ্রতিমা দর্শন করতে সন্ধ্যা থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় জমান অসংখ্য মানুষ। শহর থেকে গ্রামাঞ্চল—সর্বত্রই পূজার চোখধাঁধানো আয়োজন নজর কাড়ে।
মহানবমী উপলক্ষে শিলচর শহরের প্রতিটি পূজা মণ্ডপকে আকর্ষণীয় আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ করে শহরের বিগ বাজেটের পূজাগুলিতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে উল্লেখযোগ্য শিলচরের বিলপার শংকর দিঘি রাইসমিল দুর্গাপূজা কমিটি, তারাপুর রেলস্টেশন দুর্গাপূজা কমিটি, সোনাই রোড তরুণ ক্লাব দুর্গাপূজা কমিটি এবং প্রথম পল্লী ক্লাবের পূজা মণ্ডপ। প্রতিটি মণ্ডপের বর্ণময় আলোকসজ্জা ও সুসজ্জিত দুর্গাপ্রতিমা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা পরিক্রমার সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হয়েছে। পাশাপাশি, শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের স্বার্থে প্রশাসনের নির্দেশ ও আইন মেনে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।




