‘দেশের শত্রুদের বিরুদ্ধে…’, দশেরার অনুষ্ঠান থেকে কী বার্তা প্রধানমন্ত্রীর?

Spread the news

২০ অক্টোবর : মঙ্গলবার দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির জয়কে উদযাপন করে এবং মানুষকে সত্য ও ন্যায়ের চিরস্থায়ী শক্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাশপাশি তিনি জানান, ভারতকে বিভক্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়তে হবে এবং দেশের শত্রুদের পরাজিত করার আহ্বান জানান মোদী।

এ দিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ‘বিজয়া দশমীর এই শুভলগ্নে আমি প্রভু শ্রীরাম, মা জানকী এবং বজরংবলীর চরণে প্রণাম জানাই। এই পবিত্র পরিবেশে আমি দেশের সকল মানুষকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানাই।’ তিনি উল্লেখ করেন, প্রভু রামের আদর্শ এবং রামলীলার ঐতিহ্য আজও সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করে রেখেছে। ভারতের প্রতিটি গ্রাম ও শহরে এই উৎসব উদযাপিত হচ্ছে।

জাতীয় স্বার্থে দেশকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথা উঠে আসে মোদির বক্তব্যে। প্রধানমন্ত্রী জানান, শতাব্দীর পর শতাব্দী ধরে চলা আক্রমণ ও লুটপাটের পর ভারত এখন নিজের পরিচিতি ও ঐতিহ্য পুনরুদ্ধার করছে। তিনি উল্লেখ করেন, গত ১২ বছরে ৬০০টিরও বেশি প্রাচীন মূর্তি ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁর কথায়, ‘আমাদের চিন্তাধারা অভিন্ন হওয়া প্রয়োজন। জাতীয় স্বার্থে আমাদের সমস্ত কমিটি, দেশের সমস্ত প্রতিষ্ঠান এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই চেতনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের শত্রুদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত ভাবে লড়াই করতে হবে। যে শক্তিগুলো দেশের ক্ষতি করে, যারা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং যে মানসিকতা আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে— এরাই হল দেশের শত্রু।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *