বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : পাহাড়ি সড়কে ফের মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই অটোরিকশা। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৬০ বছর বয়সি এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও তিন সদস্য, যাঁদের মধ্যে রয়েছে ১৩ বছরের এক কিশোরী ও মাত্র সাত মাসের এক শিশু।
ঘটনাটি ঘটেছে সোমবার জয়দনপুর হয়ে ধলাইখাল যাওয়ার পথে একটি পাহাড়ি সড়কে। প্রাথমিকভাবে জানা গেছে, পাহাড়ি রাস্তার ঢালে ওঠার সময় অটোর ব্রেক ফেল করে। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের উপর উল্টে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন আইনুল হক মাঝারভূইয়া। তাঁকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত হয়েছেন নার্গিস আক্তার মাঝারভূইয়া, ১৩ বছর বয়সি আলমা বেগম মাঝারভূইয়া এবং সাত মাসের শিশু আরহান মাঝারভূইয়া। তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই পরিবারের একজনের মৃত্যু এবং শিশু ও কিশোরীসহ তিনজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




