সপ্তমীর সকালে কাছাড়ের দুধপাতিলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবতীর, সঙ্কটজনক চারজন

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আনন্দের মধ্যেই বিষাদের ছায়া নেমে এল কাছাড় জেলায়। সপ্তমীর সকালে পুজো দেখতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

মৃত যুবতীর নাম পঞ্চালী চক্রবর্তী। তিনি শিলচরের ঘুংগুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সপ্তমীর সকালে তিন যুবতী ও দুই যুবক একটি মারুতি সুজুকি বেলেনো গাড়িতে করে পুজো দেখতে বেরিয়েছিলেন। উধারবন্দের দুধপাতিল এলাকায় চলার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি গভীর গর্তে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় গাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে পঞ্চালী চক্রবর্তীর মৃত্যুর খবর সামনে আসে। পুজোর আনন্দের দিনে এই মর্মান্তিক ঘটনায় শিলচরের ঘুংগুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত বাকি চারজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। সপ্তমীর সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *