কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : দুর্গাপুজোর প্রাক্কালে অসহায় মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল লক্ষীপুর। মন্ত্রী তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের ফুলেরতলের বাড়িতে পুজোর উপহার নিতে এসে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল চার বছরের এক শিশু। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ মন্ত্রীর বাড়ির ফটকের উল্টো দিকে জাতীয় সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, লাবক জিপির দেবীপুর গ্রামের বাসিন্দা রাখুকুমার দাসের স্ত্রী তাঁর চার বছরের কন্যা রিতিকা দাসকে সঙ্গে নিয়ে মন্ত্রীর বাড়িতে পুজোর নতুন পোশাক নিতে এসেছিলেন। মন্ত্রীর বাড়ির ফটকের বাইরে প্রচণ্ড ভিড় থাকায় মা ও মেয়ে রাস্তার উল্টোদিকে একটি দোকানের বারান্দায় অপেক্ষা করছিলেন।

সেই সময় পরিচিত কাউকে দেখতে পেয়ে বারান্দা থেকে দৌড়ে রাস্তায় নেমে পড়ে ছোট্ট রিতিকা। ঠিক তখনই লক্ষীপুরের দিক থেকে আসা এএস ১১ইসি-৪৭১৫ নম্বরের একটি মিনি ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে যায় শিশুটি। দুর্ঘটনায় তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লক্ষীপুর পুলিশ। দুর্ঘটনায় জড়িত মিনি ট্রাকটি বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়ির চালক মিঠুন তাঁতি (৪১)-কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। চালকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দুর্গাপুজোর আনন্দের আবহে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবার-সহ গোটা দেবীপুর গ্রামে। চার বছরের শিশুর এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ এলাকাবাসী। শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়।



