বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ চালু করল বিজেপির আইজল জেলা কমিটি। ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘সেবা সেতু অভিযান’ কর্মসূচির আওতায় বুধবার, ১৪ অক্টোবর, আইজলের ভানাপা হলের সামনে এই হেল্প ডেস্কের আয়োজন করা হয়।
বিজেপি আইজল জেলা কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বাস্থ্য প্রকল্প এবং ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের গোল্ডেন কার্ড-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহায়তা করা হচ্ছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) সংক্রান্ত সুবিধা পেতেও উপভোক্তাদের সহযোগিতা করা হচ্ছে।

আইজল জেলা বিজেপির সভাপতি ড. জোনুন্টলুয়াঙ্গা-সহ দলের জেলা স্তরের নেতারা হেল্প ডেস্কের কার্যক্রমে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, বিজেপির রাজ্য কার্যালয় আপার রিপাবলিকে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এরপর শুক্রবার, ১৬ অক্টোবর, ভানাপা হলের সামনে সাধারণ মানুষের জন্য পুনরায় হেল্প ডেস্ক খোলা হবে।



