দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার শিলচরের ট্যাঙ্ক রোডস্থিত কাছাড় জেলা কার্যালয়ে পালিত হলো আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদের (অগপ) ৪২তম প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাড়ে ৯টায় অস্থায়ী শহিদ বেদিতে অগপের বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয়, রাজ্য ও জেলা স্তরের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ্য নিবেদন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।
কাছাড় জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন মজুমদার ও কার্যকরী সভাপতি মণিতন সিংহের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন অগপের বরিষ্ঠ নেতা তথা কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি নবগোপাল দাস ও নুরুল এনাম মজুমদার, দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বিশিষ্ট শিশু চিকিৎসক ও সমাজসেবী ডা. এ. মাসুম এবং অল আসাম মণিপুরী মৈরা পাইবি আপুনবা লূপের বেনি মিশ্র। তাঁদের উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়।

এছাড়া দলের নবনির্বাচিত কাউন্সিলর সাবিনা ইয়াসমিন বড়ভূঁইয়া ও মিয়া খান, সোনাই বিধানসভা এলাকার জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর ও সাহিন লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি শিরিন লস্করসহ বিভিন্ন জিপি সভাপতি ও গ্রুপ সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত অগপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কে. এইচ. বিমলেন্দু সিংহ বলেন, অসম আন্দোলনের ত্যাগ, সংগ্রাম, আত্মবলিদান ও জনগণের ঐক্যের পটভূমিতে ১৯৮৫ সালের ১৪ অক্টোবর গোলাঘাটে অসম গণ পরিষদের জন্ম হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি অসমের মাটি, মানুষ, ভাষা-সংস্কৃতি ও জাতীয় অধিকার রক্ষার সংকল্প নিয়ে কাজ করে চলেছে।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব বলেন, অগপ সরকারের আমলে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় সমানভাবে উন্নয়ন হয়েছিল। বর্তমানে মিত্রজোটের শরিক হিসেবেও অগপের মন্ত্রী ও বিধায়কেরা জনগণের স্বার্থে কাজ করে চলেছেন।

জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার অসম আন্দোলনের ইতিহাস স্মরণ করে শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতির স্বার্থে ৮৬৪ জন শহিদ তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগ ও আদর্শকে পাথেয় করেই অগপ মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যে এগিয়ে চলেছে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী অগপের উত্থান-পতনের ইতিহাস তুলে ধরেন। বরাক উপত্যকায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর ও জেলা পরিষদ সদস্যরা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান, তৃণমূল স্তরে নেতৃত্ব গড়ে তোলা এবং ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে দলের জনসংযোগ বৃদ্ধির ওপর জোর দেন। এছাড়াও বক্তব্য রাখেন ডা. এম. মাসুম ও নবগোপাল দাস।
অগপের কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সহ-সভাপতি রুমিম মাঝারভূইয়া এবং যুব পরিষদের সহ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়ার সক্রিয় পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



