সোনাইয়ে ২১ লক্ষ টাকার দু’টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সোনাই বিধানসভা এলাকার উন্নয়নে মোট ২১ লক্ষ টাকা ব্যয়সাপেক্ষ দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সোমবার সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল ২০২৪–২৫-এর অধীনে সোনাই পুরসভার চার নম্বর ওয়ার্ডের তুলারগ্রাম দ্বিতীয় খণ্ড এলাকায় এই প্রকল্প দু’টির শিলান্যাস করেন।
প্রথম প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছে ১১ লক্ষ টাকা। এই অর্থে তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডে একটি শ্মশানঘর নির্মাণ করা হবে। দীর্ঘদিনের জনদাবির ভিত্তিতে গৃহীত এই প্রকল্প বাস্তবায়িত হলে টিকারবস্তি, ডেকাজুড়াই, তুলারগ্রাম-সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ১০ লক্ষ টাকা ব্যয়ে ঐতিহাসিক সোনাই কালীবাড়ি মন্দিরের কাছে একটি নাটমন্দির তথা কমিউনিটি হল নির্মাণ করা হবে। এই পরিকাঠামো গড়ে উঠলে এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও সুবিধা হবে।
অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, সোনাইয়ে দলীয় বিধায়ক না থাকলেও উন্নয়নে কোনও ঘাটতি হতে দেব না। সোনাইয়ের উন্নয়ন অব্যাহত থাকবে।



