বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মহালয়ার প্রাক্কালে হাইলাকান্দির আশ্রম রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে একটি বাইক। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরব বাল্মিকী (২০) নামে এক যুবকের। বাইকে থাকা সাইদুল আহমদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে AS 24 B 7095 নম্বরের বাইকটি আশ্রম রোড দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাইকটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরব বাল্মিকীর।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় সাইদুল আহমদ চৌধুরীকে উদ্ধার করে দ্রুত হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। দুর্ঘটনায় মৃত গৌরবের দেহ হাইলাকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।



