ইতিহাসের পাতায় স্মরণীয় কাটলিছড়ার মহালয়ার প্রভাত, জনসমাগমে ভাঙল গত বছরের রেকর্ড!

Spread the news

বিশেষ প্রতিবেদক, কাটলিছড়া।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যপ্রভাতে জনসমাগমের নতুন নজির গড়ল কাটলিছড়া। গত বছরের তুলনায় এবার মানুষের ভিড় ছিল অনেক বেশি। কাটলিছড়া বাইপাস সংলগ্ন ওভারব্রিজ এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। দক্ষিণ হাইলাকান্দি, লালাবাজার, হাইলাকান্দি-সহ দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসেন মহালয়ার এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে।

প্রতিবছরের মতো এবারও মহালয়ার ভোরে প্রাতঃভ্রমণ, দেবী দুর্গার আগমনী আবহ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় দিনটি। ভোরের আলো ফুটতেই বাইপাস সংলগ্ন ওভারব্রিজ এলাকায় বাড়তে থাকে মানুষের ভিড়। চণ্ডীপাঠের আবহ, আগমনী সুর এবং মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তৈরি হয় এক মনোরম পরিবেশ।

মহালয়ার এই আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী দল ও পূজা কমিটির পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। প্রাতঃভ্রমণে আসা মানুষের জন্য একাধিক সংগঠনের তরফে বিনামূল্যে জলখাবার ও স্বল্পাহারের ব্যবস্থা করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাটলিছড়া শাখার সদস্যরা আয়োজন করেন মাতৃবন্দনার। পাশাপাশি ইসকন ও ট্রাইবাল কেয়ার সোসাইটির উদ্যোগে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিভিন্ন সংগঠনের এই উদ্যোগে মহালয়ার আনন্দ আরও বেড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *