বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের আওতায় শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে ১০টি কম্পিউটার প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটারগুলি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ, শৈক্ষিক নিবন্ধক ড. নীলেন্দু ধর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল ম্যানেজার বিজেন্দর সিং এবং শিলচর সার্কেল অফিসের সার্কেল হেড সৌরভ কুমার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই CSR উদ্যোগ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, প্রদান করা কম্পিউটারগুলি শিক্ষার্থীদের শিক্ষাগত ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি PNB-এর এই সহযোগিতার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. অভিজিৎ নাথ বলেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত পরিকাঠামোও আরও উন্নত হবে। CSR-এর মাধ্যমে PNB-এর এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।



