বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : মুম্বইয়ে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে সোনাইয়ের নগদীরগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত মজিবুর রহমান মজুমদারের চতুর্থ পুত্র আকবর হোসেন মজুমদারের। পরিবার সূত্রে জানা গেছে, আকবর মুম্বইয়ের SA FABRICATION-এর সঙ্গে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ অক্টোবর মুম্বইয়ের গোরেগাঁও ইস্ট এলাকায় একটি ভবনে কাজ করার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে গোরেগাঁওয়ের হিন্দু সম্রাট বালাসাহেব ঠাকরে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত আনুমানিক ১টার দিকে তাঁর মৃত্যু হয়। আকবরের আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁর মরদেহ মুম্বইয়ে রয়েছে। মরদেহ নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে ‘শ্রদ্ধাঞ্জলি’ প্রকল্পের আবেদন জানানো হয়েছে। আকবরের মরদেহ দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে এনে জানাজা সম্পন্ন করার জন্য প্রশাসনের সহযোগিতার প্রত্যাশা করছেন।




