কাল শিলচর পুর নিগম নির্বাচনের ভোট গণনা, প্রস্তুতি সম্পন্ন

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল, মঙ্গলবার। সকাল ৮টা থেকে রামনগর আইএসবিটি চত্বরে অবস্থিত আইএসটিটির সাতটি হলে শুরু হবে ভোট গণনার প্রক্রিয়া। ইতোমধ্যেই গণনাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সাতটি গণনা হলে মোট ১৪টি করে গণনা টেবিল থাকবে। চারটি রাউন্ডে ভোট গণনা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি হলে গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দু’জন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) এবং একজন করে মাইক্রো অবজারভার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও কাউন্টিং সুপারভাইজার দায়িত্বে থাকবেন।

ভোট গণনাকে কেন্দ্র করে রামনগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। গণনা কেন্দ্রে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। গণনা কেন্দ্রের প্রবেশপথ ও আশপাশের এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার সময় যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রশাসন প্রস্তুত থাকবে। গণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

একইসঙ্গে গণনা কেন্দ্রের আশপাশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষের প্রতিও আবেদন জানানো হয়েছে। প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার পাশাপাশি গণনা কেন্দ্রের আশপাশে অযথা ভিড় না করার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবারের গণনার মধ্য দিয়েই শিলচর পুর নিগমের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *