৪ অক্টোবর : উৎসবের মরশুম শুরুর মুখেই বড় ধাক্কা খেল আমজনতা। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের (Crude Oil) দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ায় দেশের বাজারে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
দেশের সমস্ত তেল বিপণন সংস্থায় এই দাম বৃদ্ধি কার্যকর হয়নি। তবে রাশিয়ার সরকারি সংস্থা ‘রসনেফ্ট’ (Rosneft)-এর যৌথ মালিকানাধীন দেশের অন্যতম বৃহত্তম প্রাইভেট সেক্টর পেট্রোল পাম্প নেটওয়ার্ক ‘নায়ারা এনার্জি’ (Nayara Energy) তাদের পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে পাঁচ টাকা ও তিন টাকা করে বাড়িয়েছে। দেশজুড়ে এই সংস্থার সাত হাজারের বেশি পেট্রোল পাম্প রয়েছে

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম ফের আকাশছোঁয়া হয়েছে। ব্যারেল প্রতি দাম পৌঁছে গিয়েছে ১১৬.০৯ ডলারে। পশ্চিম এশিয়ার সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির পর এই প্রথম ক্রুড তেলের দাম এতটা বৃদ্ধি পেল। এর আগে চলতি বছরের মার্চ মাসেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল। পরবর্তীতে ১ জুলাই দাম কমানো হলেও, বর্তমান আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণেই ফের জ্বালানির দাম বাড়াতে বাধ্য হলো সংস্থাটি। নায়ারার দেখাদেখি দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও (ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম) জ্বালানির দাম বাড়াতে পারে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।




