
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : বিপুল পরিমাণ আইএমএফএল (বিলেতি মদ) ও দেশি মদ উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ। শনিবার আমবাসা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে মদ মজুত ও বিক্রির খবর পেয়ে বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বিলেতি ও দেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মদ মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইনের ৪৫ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, নেশামুক্ত সমাজ গড়ে তুলতে অবৈধ মদ ও মাদকবিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।




