এনপিএস দিবস ২০২৬-এ পিএফআরডিএ-র অনুষ্ঠানে ‘পাইওনিয়ারিং পার্টিসিপেশন’ সম্মান
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : হাইলাকান্দি থেকে যাত্রা শুরু করে জাতীয় স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল টিমমেটস ইজিবিমা ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড। জাতীয় পেনশন ব্যবস্থা (এনপিএস) দিবস ২০২৬ উপলক্ষে ১ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সংস্থাটিকে প্রদান করা হলো ‘পাইওনিয়ারিং পার্টিসিপেশন’ শংসাপত্র।
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)-র উদ্যোগে নয়াদিল্লির দ্য অশোক, চাণক্যপুরীর কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে টিমমেটস ইজিবিমার পক্ষ থেকে সম্মানটি গ্রহণ করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ শর্মা।
স্টার এনপিএস প্ল্যাটফর্মে সংস্থার অগ্রণী অংশগ্রহণ এবং দেশে পেনশন ব্যবস্থার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবেই এই শংসাপত্র প্রদান করা হয়। হাইলাকান্দির মতো একটি জেলা থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ে এই সম্মান অর্জনকে সংস্থার দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এনপিএস দিবসের অনুষ্ঠানে দেশের পেনশন ব্যবস্থাকে আরও সহজলভ্য ও বিস্তৃত করার লক্ষ্যে একাধিক নতুন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে ইউপিআই-এর মাধ্যমে দ্রুত এনপিএস অ্যাকাউন্ট খোলার সুবিধা, অবসরকালীন সঞ্চয়ের সঙ্গে স্বাস্থ্যসুবিধার সংযোগ, অবসর-পরবর্তী নিয়মিত আয়ের ওপর গুরুত্ব এবং দেশজুড়ে পেনশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে পিএফআরডিএ-র চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, আর্থিক পরিষেবা বিভাগের সচিব, বিভিন্ন পেনশন ফান্ড, ব্যাংক, আর্থিক পরিষেবা ও প্রযুক্তি সংস্থার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দেশের পেনশন ও আর্থিক পরিষেবা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে টিমমেটস ইজিবিমার এই স্বীকৃতি সংস্থাটির কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
হাইলাকান্দির মাটি থেকে শুরু হওয়া একটি উদ্যোগের দেশের রাজধানীর জাতীয় মঞ্চে এই স্বীকৃতি অর্জন শুধু টিমমেটস ইজিবিমার জন্য নয়, হাইলাকান্দি তথা উত্তর-পূর্ব ভারতের উদ্যোগ, প্রতিভা ও সম্ভাবনার ক্ষেত্রেও একটি গর্বের মুহূর্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ শর্মার হাতে জাতীয় মঞ্চে এই সম্মান তুলে দেওয়ার মুহূর্তে টিমমেটস ইজিবিমার কর্মী, সহযোগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
হাইলাকান্দি থেকে দিল্লি—স্থানীয় মাটি থেকে জাতীয় মঞ্চে টিমমেটস ইজিবিমার এই যাত্রা নিঃসন্দেহে জেলার উদ্যোগী মানসিকতা ও সাফল্যের এক স্মরণীয় অধ্যায় বলে অনেকেই মনে করেন।



