বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্দল প্রার্থী তথা আইনজীবী মনীষা দে এবং তাঁর স্বামী, তারাপুর–মালুগ্রাম মণ্ডলের বিজেপির প্রাক্তন সভাপতি জয়জ্যোতি দে তাঁদের বিরুদ্ধে বিজেপির পুরনো কর্মী নন্দিতা ভট্টাচার্য ও রুমা সোনার দে-র তোলা বিভিন্ন অভিযোগ এবং কুৎসা রটনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এক সাংবাদিক বৈঠকো মনীষা দে ও জয়জ্যোতি দে বলেন, বিজেপিতে থাকার সময় তাঁরা দলের স্বার্থে নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
তাঁদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি, মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার অবিলম্বে বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
মনীষা দে ও জয়জ্যোতি দে আরও জানান, নির্বাচনী প্রচারে তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলির বিষয়ে তাঁরা ইতিমধ্যে আইনি পরামর্শ নিচ্ছেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানহানি-সহ প্রযোজ্য অন্যান্য আইনি ধারায় মামলা করা হবে বলেও তাঁরা জানান।
ফলে ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।



