প্রচারের শেষ দিনে বিজেপি, কংগ্রেস ও নির্দল প্রার্থীদের মিছিলে সরগরম শিলচর

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের প্রচারপর্বের আজ শেষ দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া হয়ে মাঠে নামলেন বিজেপি, কংগ্রেসের পাশাপাশি নির্দল প্রার্থীরাও। সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের মিছিল, স্লোগান, পথসভা ও জনসংযোগে সরগরম হয়ে ওঠে শিলচরের রাজপথ।

প্রার্থীদের সমর্থনে কোথাও ঢাক-ঢোল, কোথাও মাইক, আবার কোথাও দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে মিছিল করেন কর্মী-সমর্থকরা। বিভিন্ন এলাকায় বিজেপির মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলগুলিতে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

শিলচর পুর নিগমের ১ থেকে ৪২ নম্বর ওয়ার্ড—প্রায় প্রতিটি এলাকাতেই শেষ দিনের প্রচারে বিশেষ জোর দেন বিভিন্ন দলের ও নির্দল প্রার্থীরা। মিছিল ও পথসভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালান প্রার্থীরা।

প্রচারের শেষ দিনে ভোটারদের কাছে আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করেন প্রার্থীরা। পাশাপাশি আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য শিলচর পুর নিগম নির্বাচনে নিজেদের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তাঁরা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জোরদার প্রচারে নামেন প্রার্থীরা।

এদিকে, বৃহস্পতিবার শেষ হল শিলচর পুর নিগম নির্বাচনের প্রচারপর্ব। এখন অপেক্ষা ৩ অক্টোবরের ভোটগ্রহণের। ওই দিন শিলচর পুর নিগমের ৪২টি ওয়ার্ডের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচনের ফলাফল ঘিরেও ইতিমধ্যে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *