স্বাধীনবাজারে চ্যাম্পিয়ন সেলুরপার এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমির ‘জুবাইর আহমদ লস্কর স্মৃতি’ ৬-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে নিল সেলুরপার এফসি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে সেলুরপার দল। শেষ পর্যন্ত দাপুটে জয়ে চ্যাম্পিয়নের মুকুট ওঠে তাদের মাথায়। আলগাপুর এফসিকে ৪-০ গোলে পরাজিত করে তারা। মঙ্গলবার ফাইনালে সেলুরপার এফসির হয়ে বাপ্পন পাল দুর্দান্ত পারফরম্যান্স করে দুটি গোল করেন। তিনি ম্যাচের ১২ ও ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। মনা ২০ মিনিটে আরও একটি গোল করেন। ম্যাচের ৩৫ মিনিটে ইন্তেখাব লস্কর চতুর্থ গোলটি করে সেলুরপার এফসির জয় নিশ্চিত করেন। বিপক্ষ আলগাপুর এফসি একাধিকবার আক্রমণে উঠলেও সেলুরপার রক্ষণভাগের দৃঢ়তার কারণে গোলের মুখ খুলতে পারেনি।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, আল-সিরাত মিশন স্কুলের এমডি মহিমুল হক বড়ভূইয়া, এমডি হানিফ বড়ভূইয়া, স্বাধীন বাজার জিপির সভাপতির প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর, মকবুল হোসেন লস্কর, শিক্ষক জসিম উদ্দিন আহমেদ, সজীব লস্করসহ বিশিষ্ট ব্যক্তিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন বদর উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার প্রসারের পাশাপাশি স্বাধীন বাজার এলাকায় মাদকদ্রব্য, মাদক ব্যবসা ও জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। যুবসমাজকে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক পরিবেশে যুক্ত করার আহ্বান জানান তাঁরা।

স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমির যুব সভাপতি ইজাজ আহমদ লস্কর বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলাই অ্য়াকাডেমির অন্যতম লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা। আগামী দিনেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *