বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ‘মিশন স্বচ্ছতা মে সহভাগ—স্বচ্ছ ভারত, বিকশিত ভারত ২০২৬’-এর অংশ হিসেবে মঙ্গলবার কাছাড় জেলার কাশীপুর বাজার চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালাল ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফ। ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনোজ কুমার সিকনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযানে ১৪৭ ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ডার (অপারেশনস) অরবিন্দ কুমার চৌবে, ডেপুটি কমান্ড্যান্ট রাকেশ কুমার শর্মা এবং এমটিও মনোরঞ্জন মণ্ডলসহ সিআরপিএফের জওয়ানরা অংশ নেন। কর্মসূচিতে কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি সাহিল আলম লস্করও উপস্থিত ছিলেন।
এদিন বাজার চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করার পাশাপাশি জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করা হয়।
সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখা হবে। পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যে ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এমন উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।



