বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : পুরোহিতদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন করার পদ্ধতি নিয়ে শিলচরে শুরু হয়েছে আর্য পরিষদের তিনদিনব্যাপী বিশেষ কর্মশালা। পিতৃপক্ষের সূচনাকে সামনে রেখে বিবেকানন্দ রোডের প্রভাত ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
২০০৩ সালে প্রয়াত অমলেন্দু ভট্টাচার্যের উদ্যোগে প্রতিষ্ঠিত আর্য পরিষদ এ বছর ২৪তম বছরে পদার্পণ করেছে। আগামী বছর সংগঠনটি রজতজয়ন্তী বর্ষ উদযাপন করবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পুরোহিত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি নিয়ে আলোচনা করা হচ্ছে।
কর্মশালার সূচনায় আর্য পরিষদের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রদীপ প্রজ্বালন, মঙ্গলঘটে পুষ্পার্ঘ্য নিবেদন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত অমরেন্দ্র ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে পরিষদের সম্পাদক অনন্ত বিজয় ভট্টাচার্য স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আর্য পরিষদের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য।
কর্মশালার প্রথম দিনে আসন্ন দুর্গাপূজার তিথি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চলতি বছরে দুর্গাপূজার তিথি নিয়ে পুরোহিত ও বিভিন্ন পূজা কমিটির মধ্যে মতপার্থক্য এবং পঞ্জিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিষয়ে পণ্ডিতমণ্ডলী বিস্তারিত ব্যাখ্যা দেবেন।
দ্বিতীয় দিনে শ্রাদ্ধ ও শান্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তৃতীয় দিনে পিতৃপক্ষের তর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া কর্মশালার তিনদিন সদস্যদের পূজা-পার্বণ, শ্রাদ্ধ এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান সংক্রান্ত প্রশ্ন পণ্ডিতমণ্ডলীর সামনে তুলে ধরার সুযোগ থাকবে। এর মাধ্যমে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন সংশয় দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।



