রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বাম বিদ্যাপীঠ হাই স্কুলে ১৫ দিনের মধ্যে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে স্কুলের রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার, এক বস্তা চাল, ২০ লিটার ধারণক্ষমতার একটি প্রেসার কুকার এবং একটি পুরনো সাইকেল নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি মাদকাসক্ত।
এর আগে গত ১০ সেপ্টেম্বর স্কুলের স্মার্ট ক্লাসরুম থেকে কম্পিউটারসহ বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়েছিল। সেই ঘটনার ১৫ দিনের মধ্যেই ফের চুরির ঘটনায় স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক এবং সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকাসক্তির প্রবণতা বৃদ্ধির সঙ্গে চুরি-সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনাও বাড়ছে। মাদকের নেশা বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে বলেও দাবি তাঁদের।
এদিকে, চুরির ঘটনার আগে গত ৯ সেপ্টেম্বর রাতে স্কুলের আবাসিক ছাত্রছাত্রীদের আতঙ্কিত করার অভিযোগ উঠেছিল। স্কুলে আবাসিকভাবে থেকে পড়াশোনা করত অন্তত ৪০ জন উপজাতি ছাত্রছাত্রী। অভিযোগ, ওই রাতে তাদের ভূতের ভয় দেখানো হয়। আতঙ্কে অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে বলে জানা যায়।
পরদিন অভিভাবকেরা স্কুলে এসে সন্তানদের অন্যত্র স্থানান্তর করে নিয়ে যান। এর ঠিক একদিন পর, ১০ সেপ্টেম্বর স্কুলে চুরির ঘটনা ঘটে। আর সেই ঘটনার ১৫ দিনের মধ্যেই ফের চুরি হওয়ায় স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পরপর চুরির ঘটনায় স্কুলের সম্পদ ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। স্কুল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি উঠেছে।



