সন্ধ্যা দাসের সমর্থনে কালীবাড়ি চরে পরিমলের নির্বাচনী জনসভা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সন্ধ্যা দাসের সমর্থনে সোমবার সন্ধ্যায় কালীবাড়ি চর এলাকায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য।

সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি শিলচর পুর নিগমের সার্বিক উন্নয়নে বিজেপির পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থার কথা তুলে ধরে ১০ নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে দলীয় প্রার্থী সন্ধ্যা দাসের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে সাংসদ কংগ্রেসের রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে নির্দল প্রার্থীদের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্যে শিলচরের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে বিজেপির প্রার্থীদের সমর্থন করার আহ্বান উঠে আসে।

নির্বাচনী সভাকে ঘিরে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা সন্ধ্যা দাসের পক্ষে প্রচার চালানোর পাশাপাশি তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *