বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। সোমবার ইটখোলাঘাট কালীমন্দির প্রাঙ্গণে বিজেপি প্রার্থী রাধারানি রবিদাসের সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা।
জনসভায় উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, মণ্ডল সভাপতি পুলক দেব এবং ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী বিজয়েন্দ্র প্রসাদ সিং-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় উন্নয়ন ও নাগরিক পরিষেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। ‘উন্নত শিলচর, সমৃদ্ধ অসম’-এর ভাবনাকে সামনে রেখে তিনি বিজেপি প্রার্থী রাধারানি রবিদাসের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

কংগ্রেসকে নিশানা করে মন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেসের মূল কাজ শুধু স্বপ্ন দেখানো এবং দলের অভ্যন্তরেই কোন্দল রয়েছে। তাঁর দাবি, আগামী দিনে কংগ্রেসকে রাজনৈতিকভাবে খোঁজে পাওয়া কঠিন হবে। শিলচর শহরের উন্নয়নের জন্য বিজেপিকেই উপযুক্ত রাজনৈতিক বিকল্প হিসেবে তুলে ধরেন তিনি।
অন্যদিকে, সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, বিধানসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে তাঁকে সমর্থন করেছিলেন, একইভাবে এবারও রাধারাণী রবিদাসকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশাবাদী।
কংগ্রেসকে আক্রমণ করে রাজদীপ গোয়ালা বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে উন্নয়নের ধারাকে থামিয়ে দেওয়া। আগামী ৩ অক্টোবর বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে পুর নিগম পরিচালনা করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও দাবি করেন তিনি।
শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। ৭ নম্বর ওয়ার্ডের এই জনসভার মধ্য দিয়ে বিজেপি প্রার্থী রাধারাণী রবিদাসের নির্বাচনী প্রচার আরও জোরদার হলো।



