তারাপুরে বিজেপির নির্বাচনী জনসভা
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে তারাপুরের সেলিব্রেশন ব্যাঙ্কোয়েট হলে বিজেপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রানু দাসের সমর্থনে আয়োজিত এই সভায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রানু দাসের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। বিপুল ভোটে রানু দাস জয়ী হবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। পাশাপাশি শিলচর পুর নিগমে বিজেপিই প্রথম বোর্ড গঠন করবে বলে দাবি করেন মন্ত্রী।

কংগ্রেসকে আক্রমণ করে কৌশিক রায় বলেন, বিধানসভা নির্বাচনের আগে বরাক উপত্যকার উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। তাঁর অভিযোগ, সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। অন্যদিকে বিজেপি সরকার শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসওয়ে করিডর নির্মাণের জন্য ২২ হাজার কোটি টাকা অনুমোদন করেছে বলে উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন মন্ত্রী। অরুণোদয় ও মহিলা উদ্যমিতা যোজনার মতো প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলে দাবি করেন তিনি। বিজেপি পুর নিগমে ক্ষমতায় এলে শিলচরকে আধুনিক, স্মার্ট ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন কৌশিক রায়।

এদিনের সভায় প্রবীণ নেতা কুশমেশু পুরকায়স্থ, মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, প্রভারী রসরাজ দাস, প্রার্থী রানু দাস, আইনজীবী মহিতোষ সিনহা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বিধায়ক ডাঃ রাজদীপ রায় ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রানু দাসের দলীয় আনুগত্য ও সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন। তিনি ভোটারদের ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান।
রাজ্যসভার সদস্যা সুস্মিতা দেব বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বলেন, বিজেপি পুর নিগমে বোর্ড গঠন করলে জলকর ও ট্রেড লাইসেন্স ফি ২০ শতাংশ কমানো হবে। পাশাপাশি পুর নিগমের অধীনে বিভিন্ন ফর্ম বিনামূল্যে দেওয়ার এবং নাগরিক পরিষেবায় অনলাইন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।



