শিলচরে অনুষ্ঠিত হল ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাক ভ্যালি চ্যাম্পিয়নশিপ

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বডিবিল্ডিং ও ফিটনেসকে কেন্দ্র করে বরাক বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিলচর জিমখানার সহযোগিতায় রবিবার শিলচরের গান্ধী ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাক ভ্যালি বার্ষিক জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৬।

এদিন প্রতিযোগিতা শুরু হয় বিকাল ৪ ঘটিকা থেকে, চলে গভীর রাত অবধি। রাতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাক বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে আসাম প্রিমিয়ার লিগ ক্রিকেটে নজরকাড়া সাফল্যের জন্য বরাক লিজেণ্ডস দলকে আয়োজক বরাক বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এর তরফে সংবর্ধনা জানানো হয়। 

এবছর প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের মোট ১১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ৯ টি ক্যাটাগরির মধ্যে, ডেনিম জিন্স মডেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে অক্ষয় দাস। বারমোডা ওভারঅল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আদর্শ সিনহা। তাছাড়া ওয়ারিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বিরাট অধিকারী। গ্লেমার মডেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করে মেঘা দত্ত। 

অনুরূপভাবে জুনিয়র বডিবিল্ডিং ওভারঅল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হাইলাকান্দির রণি পাল। উইমেন স্পোর্টস মডেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে দেবপ্রিয়া চন্দ । ক্লাসিক বডিবিল্ডিং ক্যাটাগরিতে হাইলাকান্দির রণি পাল চ্যাম্পিয়ন হয়েছে। মাস্টার্স বডিবিল্ডিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কিশোর সিংপুন। সিনিয়র বডিবিল্ডিং ওভারঅল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছে দিলোয়ার হোসেন লস্কর। 

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটির গিরিজানন্দ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ডিন ও প্রফেসর ড. গৌরগোপাল বণিক, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, শিলচর স্পোর্টিং ক্লাবের সভাপতি ড.. অনুপ কুমার রায়, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) দেবাশিস সোম, নেতাজি স্পোর্টিং ক্লাব এনজিও, শিলচরের সভাপতি সন্তোষ কুমার দে, ড. শাহানাজ আহমেদ। এছাড়াও বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন বরাক বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশন এর সম্পাদক তথা জিমখানা-র স্বত্বাধিকারী রাজদীপ অধিকারী (রাজা), শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাস, নীলাদ্রি ভট্টাচার্য প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন ইন্ডিয়ার সভাপতি তথা আন্তর্জাতিক বিচারক ধীরাজ মোহন দাস।

অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জানান, বডিবিল্ডিং ও ফিটনেসের প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের সামনে এগিয়ে আসার সুযোগ করে দেওয়াই এই বার্ষিক প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী (রাজা) নিজের বক্তব্যে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের সহযোগিতা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানান।

এদিন সম্মানিত অতিথি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত নিজের বক্তব্যে বলেন, বডিবিল্ডিং আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারী একথা উপলব্ধি করেই আজকে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বিশাল সংখ্যায় প্রতিযোগীরা এই কম্পিটিশনে অংশ নিয়েছেন দেখে খুব ভাল লাগছে। তিনি বলেন একটি সুস্থ শরীরে সুস্থ মন থাকে কাজেই বর্তমান সময়ে যুব প্রজন্ম ফিটনেসের প্রতি বিশেষ নজর রাখছে এটা একটা ইতিবাচক দিক এবং তিনি তারজন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান। ফিটনেস নিয়ে সবাই চিন্তিত সেটা প্রতীয়মান হচ্ছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। এদিকে ড. গৌরগোপাল বণিক তাঁর বক্তব্যে নিজের জীবনের পথচলার কথা তুলে ধরে বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি কীভাবে জীবনে এগিয়ে এসেছেন। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও নিষ্ঠার গুরুত্বের ওপর তিনি জোর দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ( প্রশাসন) দেবাশিস সোম, শিলচর স্পোর্টিং ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায় ও প্রচার সম্পাদক কমলেশ দাস। উল্লেখ্য প্রতিযোগিতাকে সফল রূপ প্রদানে সহযোগিতার হাত বাড়িয়েছেন শতাব্দী চক্রবর্তী, বৈশাখী অধিকারী, গৌতম শুক্লবৈদ্য, শাহিল দাস, সানু দে, মৌসুমী অধিকারী সহ অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *