আলোচনায় প্রস্তুত ইরান, হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি : আরাগচির

Spread the news

২৮ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে নতুন করে সামরিক হামলা চালানো হলে তার উপযুক্ত জবাব দিতেও তেহরান ‘পুরোপুরি প্রস্তুত’ বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরাগচি বলেন, “আমরা কূটনীতির জন্য যেমন প্রস্তুত, একই সঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত।” ইরানের বিদেশমন্ত্রী জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের সাত দিনের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন—এমন খবর তারা পেয়েছেন। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

আরাগচি বলেন, ইরানের প্রস্তাব স্পষ্ট। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত তেহরান। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র চাইলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই ইরানের শর্ত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

প্রস্তাব অনুযায়ী, ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই পক্ষ ফের আলোচনায় বসবে। জ্বালানি পরিবহণের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলা এবং মার্কিন সামুদ্রিক অবরোধের পর ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দেয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *