মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : কটামণি বাজারের প্রাণকেন্দ্রে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সড়কের নিচে থাকা একটি বড় ড্রেন। ড্রেনের একটি অংশ ভেঙে গিয়ে সড়কের মাঝে তৈরি হয়েছে বিশাল গর্ত। ব্যস্ততম এলাকায় এই বিপজ্জনক পরিস্থিতি ঘিরে দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছে। দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ী, যানবাহন চালক ও সাধারণ মানুষ।
কটামণি বাজারের মধ্য দিয়ে যাওয়া লোয়াইরপোয়া-কানমুন রোড এবং কটামণি-কালীবাড়ি-বাভা-ছলামনা রোড দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহনের পাশাপাশি অসংখ্য পথচারী এই দুই সড়ক ব্যবহার করেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়ারাও প্রতিদিন পায়ে হেঁটে এই পথ দিয়ে যাতায়াত করে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় মাস আগে ড্রেনটি ভেঙে যাওয়ার পর থেকেই সড়কের ওই অংশ বিপজ্জনক হয়ে উঠেছে। সময়ের সঙ্গে ভাঙা অংশ আরও বড় হয়ে বর্তমানে বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ওই এলাকায় একাধিক ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি তাঁদের। বিশেষ করে টোটো, অটো, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকদের জন্য জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বাজারের ব্যস্ত সময়ে যানবাহন ও পথচারীর ভিড়ের কারণে গর্তটি এড়িয়ে চলাও কঠিন হয়ে পড়ে। অনেক সময় গর্ত এড়াতে গিয়ে চালকদের হঠাৎ ব্রেক করতে হচ্ছে কিংবা রাস্তার অন্য অংশে চলে যেতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি সংঘর্ষের আশঙ্কাও তৈরি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ভাঙা ড্রেনটি সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাজার কমিটির পক্ষ থেকেও বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানা গেছে। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে।
বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা করছেন স্থানীয়রা। বৃষ্টির পানি জমে গেলে গর্তটি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ভাঙা ড্রেন সংস্কার এবং সড়কের গর্ত মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় ছোট যানবাহনের চালকরাও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রতিদিন যাত্রী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। বিপজ্জনক অংশটি সম্পর্কে তাঁরা সচেতন থাকলেও হঠাৎ কোনো পথচারী বা যানবাহন সামনে চলে এলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাজার কমিটির পক্ষ থেকেও সংশ্লিষ্ট বিভাগের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
স্থানীয়দের দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা ড্রেন সংস্কার, গর্ত মেরামত এবং সড়কটি নিরাপদ করার উদ্যোগ নিতে হবে।



