নরসিংহপুরে ‘নমামি ভারতম’ কর্মসূচি, বন্দে মাতরমের সমবেত গানে মুখর সরস্বতী বিদ্যানিকেতন

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর: বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের উদ্যোগে আয়োজিত ‘নমামি ভারতম’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নরসিংহপুরের মা মনসা বিবাহ বাসর প্রাঙ্গণে ‘বন্দে মাতরম্’-এর সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। নরসিংহপুর সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
ভারত মাতার বন্দনা ও গায়ত্রী মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মুখ্য অতিথি শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিরঞ্জন রায়, অবসরপ্রাপ্ত এডিসি তথা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল নাথ চৌধুরী, সমাজসেবী ও শিল্পপতি ত্রৈলক্ষ্য ভূষণ নাথ এবং নরসিংহপুর জিপির সভানেত্রী রাধারানী নাথ প্রমুখ প্রদীপ প্রজ্জ্লন করেন।

বক্তব্যে ড. নিরঞ্জন রায় বলেন, ‘বন্দে মাতরম্’ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই গান স্বাধীনতা আন্দোলনের সময় দেশবাসীর মধ্যে দেশপ্রেম ও ঐক্যের চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমান প্রজন্মের কাছেও গানটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরেশ চন্দ্র নাথ ও পরিমল নাথ চৌধুরী। আয়োজকদের দাবি, বিদ্যাভারতীর জাতীয় পর্যায়ের এই কর্মসূচিতে দেশের ২৫ হাজারেরও বেশি স্থানে এক কোটিরও বেশি মানুষ একযোগে ‘বন্দে মাতরম্’ পরিবেশন করেন। নরসিংহপুরের অনুষ্ঠানটিও সেই বৃহৎ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্নালাল নাথ। আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *