হ্রদে নৌকাডুবি, নিহত ৪১, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত

Spread the news

২৫ সেপ্টেম্বর : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। পথে মাপেরা গ্রামের কাছে সেটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ও পণ্য ছিল বলে জানিয়েছেন টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

উদ্ধার হওয়া যাত্রী অ্যানি মোয়োনি রেডিও ওকাপিকে জানান, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ঘুমন্ত যাত্রীরা হঠাৎ জেগে ওঠেন। তখন তাঁরা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ডিআর কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন, পর্যাপ্ত লাইফ জ্যাকেটের অভাব এবং দুর্গম এলাকায় অবকাঠামোগত সীমাবদ্ধতা দেশটির নৌপথে দুর্ঘটনার অন্যতম বড় ঝুঁকি হিসেবে দেখা হয়।

এদিকে, এক মাসেরও কম সময়ের মধ্যে কিগোমা-কালেমি নৌপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি নেওয়ার সময় কঙ্গোর নৌযান এমভি প্যাসিফিকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ছয়জন কর্মী নিহত এবং একজন নিখোঁজ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *