নেশামুক্ত সমাজ গঠনে বিশেষ টাস্ক ফোর্সের প্রস্তাব বিধায়ক জুবাইর এনাম মজুমদারের

Spread the news

মহিমা ফাউন্ডেশন পরিদর্শনে সামাজিক উদ্যোগের প্রশংসা, সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবার ও চোরাচালান রুখতে রাজ্যজুড়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেন আলগাপুর–কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনাম মজুমদার। বৃহস্পতিবার বারইগ্রামের চেরাগি বাজারে মহিমা ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শনকালে নেশামুক্ত সমাজ গঠনের প্রসঙ্গে তিনি এই প্রস্তাব দেন। বিধায়ক বলেন, নেশার বিরুদ্ধে লড়াই শুধু পুলিশ বা প্রশাসনের দায়িত্ব নয়। এই লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, যুবসমাজ, অভিভাবক ও জনপ্রতিনিধিদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিতে নেশাজাতীয় দ্রব্যের চোরাচালানের সম্ভাব্য রুটগুলিতে নজরদারি আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

তাঁর মতে, রাজ্যজুড়ে নেশার অবৈধ কারবারের গতিবিধি পর্যবেক্ষণ, চোরাচালানের রুট চিহ্নিতকরণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স কার্যকর ভূমিকা নিতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং সন্দেহজনক রুটগুলিতে নিয়মিত নজরদারির ওপরও তিনি গুরুত্ব দেন।

এদিন মহিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিধায়ককে ফুলের তোড়া, গামোছা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। ফাউন্ডেশনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন জুবাইর এনাম মজুমদার। বিশেষ করে নেশামুক্ত সমাজ গঠনে সংগঠনের উদ্যোগের প্রশংসা করে তিনি আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

বিধায়ক বলেন, শুধু নেশাজাতীয় দ্রব্য উদ্ধার বা চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নেশার চাহিদা কমানো, যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত করা এবং সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহ-সভাপতি সাজার হোসেন, সম্পাদক সুহাইল আহমেদ, কোষাধ্যক্ষ সুবির নাথ, ব্যবসায়ী নিজাম উদ্দিন, সমাজকর্মী শামিম আহমদ তাপাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *