বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : রক্তদানের পর স্বেচ্ছাসেবী রক্তদাতাকে মেয়াদোত্তীর্ণ জুস দেওয়ার অভিযোগ উঠেছে মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। ঘটনাটি আজ ২৪ সেপ্টেম্বরের বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন রক্তদাতা জুনাইদ আহমদ লঙ্কর। অভিযোগ অনুযায়ী, ওই দিন তিনি স্বেচ্ছায় রক্তদান করতে মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে যান। রক্তদানের পর ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে রিফ্রেশমেন্ট হিসেবে তাঁকে একটি জুস দেওয়া হয়। পরে জুসটির মেয়াদ পরীক্ষা করে তিনি দেখতে পান, সেটি তিনদিন আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে। মেয়াদের শেষ তারিখ ছিল ২১ সেপ্টেম্বর ২০২৬।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জুনাইদ আহমদ লঙ্কর অভিযোগ করেন, রক্তদানের পর একজন দাতার শরীর কিছুটা দুর্বল থাকে। সেই অবস্থায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বা পানীয় পরিবেশন করা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাঁর দাবি, হাসপাতালের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্লাড ব্যাঙ্কে এমন ঘটনা অব্যবস্থাপনা ও গাফিলতির পরিচয় বহন করে। একই সঙ্গে এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অভিযোগকারী জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে কথা বললে কোন সদুত্তর পাননি। পাশাপাশি ঘটনার তদন্ত করে মেয়াদোত্তীর্ণ জুস সরবরাহের জন্য দায়ী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভবিষ্যতে রক্তদাতাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ব্লাড ব্যাংকে খাদ্য ও পানীয় সরবরাহের ক্ষেত্রে কঠোর নজরদারিরও দাবি জানিয়েছেন তিনি।
এ নিয়ে মেডিক্যাল কলেজের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ বিকাশ সান্ডিল্যের ফোনে যোগাযোগ করলে তিনি জানান, মাত্র তিনটি জুস মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। বাকি সব ৩০ সেপ্টেম্বর মেয়াদের শেষ তারিখ। কীভাবে এই মেয়াদোত্তীর্ণ তিনটি জুস পাওয়া গেল সেবিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন।




