শিলচর পুরনিগমের ভোট ঘিরে রাজনৈতিক তরজা, মন্ত্রীর বক্তব্যে পাল্টা আক্রমণ প্রাক্তন পুরপতির

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। পুরনিগমে অযৌক্তিকভাবে ফি ও কর বৃদ্ধির অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর এই বক্তব্যকে ‘ভোটের চমক’ বলে পাল্টা আক্রমণ করেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক।

শিলচর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, পুরনিগমে বিজেপি ক্ষমতায় এলে বিভিন্ন অযৌক্তিক কর ও ফি কমানোর উদ্যোগ নেওয়া হবে। বিগত বোর্ডের আমলে যাঁরা অন্যায়ভাবে ফি বৃদ্ধি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি শহরের জল জমার সমস্যা সমাধানে একটি মাস্টার প্ল্যান তৈরির কথাও জানান মন্ত্রী।

মন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করে তমালকান্তি বণিক বলেন, নির্বাচন সামনে এলেই মন্ত্রীরা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটে গেলে সেগুলি ভুলে যান। তাঁর প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন মন্ত্রী? দীর্ঘদিন আগেই শিলচর পুরনিগমের নির্বাচন হওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বণিকের দাবি, নির্বাচন না করিয়ে সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে করের বোঝা চাপানো হয়েছে। এর ফলে শিলচরের বাসিন্দা ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। বহুদিন ধরেই মানুষ পুরনিগম নির্বাচন চেয়ে আসছিলেন বলেও দাবি করেন তিনি।

কংগ্রেস নেতার অভিযোগ, নির্বাচনের আগে কর বৃদ্ধি করে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে। মন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, আসন্ন পুরনিগম নির্বাচনে শিলচরের মানুষ এর জবাব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *