শিক্ষক রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত মাওলানা আবু নছর আব্দুর রৌফ

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: শিক্ষা, সমাজসেবা, জনসচেতনতা সৃষ্টি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শিক্ষক রত্ন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন শ্রীভূমির কাঠালতলি এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী, মাসিক ‘আল হিলাল’ সাহিত্য পত্রিকার সম্পাদক মাওলানা আবু নছর আব্দুর রৌফ। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণে অবদানের স্বীকৃতি

শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক এবং শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে আশা ফাউন্ডেশন। ওই অনুষ্ঠানে মাওলানা আবু নছর আব্দুর রৌফকে ‘শিক্ষক রত্ন অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত করা হয়। তবে বিশেষ অসুবিধার কারণে তিনি নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননাপত্রসহ পুরস্কারের সামগ্রী ডাকযোগে তাঁর কাছে পাঠানো হয়।

ডাকযোগে সম্মাননা সামগ্রী পৌঁছানোর পর সোমবার ‘আল হিলাল’ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা মওলানা আবু নছর আব্দুর রৌফের হাতে তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করে তিনি আশা ফাউন্ডেশনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, শিক্ষা ও সমাজের জন্য কাজ করার ক্ষেত্রে এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, শ্রীভূমির কাঠালতলি এলাকার বাসিন্দা মাওলানা আবু নছর আব্দুর রৌফ দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয়, সাহিত্যিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গেও তিনি যুক্ত। তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক ‘আল হিলাল’ সাহিত্য পত্রিকা শিক্ষা, সাহিত্য, সমাজ ও জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি সামাজিক অসঙ্গতি ও নৈতিক মূল্যবোধ নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে।

দীর্ঘদিনের কর্মজীবনে শিক্ষা, সাহিত্য ও সমাজসেবায় অবদানের জন্য এর আগেও একাধিক সম্মাননা পেয়েছেন মাওলানা আবু নছর আব্দুর রৌফ। এবার আশা ফাউন্ডেশনের ‘শিক্ষক রত্ন অ্যাওয়ার্ড’ তাঁর সম্মাননার তালিকায় নতুন সংযোজন। এই সম্মাননা প্রাপ্তির খবরে শ্রীভূমির বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *