ভয়াবহ নৌকাদুর্ঘটনা, নদীর মাঝখানে শতাধিক যাত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: ধুবুড়ি জেলার তামারহাটের গুমা ফেরিঘাটে গঙ্গাধর নদীতে ভয়াবহ নৌকাদুর্ঘটনার ঘটনা ঘটেছে। তামারহাট থেকে কাঁঠালতলীর দিকে যাওয়ার সময় যাত্রীবোঝাই একটি নৌকার তলা ফেটে যায়। এর ফলে দ্রুত নৌকায় জল ঢুকতে শুরু করে এবং নৌকার একটি অংশ পানির নিচে তলিয়ে যায়। নদীর মাঝখানে আটকে পড়েন শতাধিক যাত্রী।

জানা গেছে, প্রাণ বাঁচাতে যাত্রীদের কোমর ও হাঁটুসমান পানির মধ্যে নৌকার বিভিন্ন অংশে আশ্রয় নিতে হয়। আটকে পড়া যাত্রীদের অধিকাংশই মহিলা ও শিশু বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও হাহাকার সৃষ্টি হয়।

নৌকাটিতে একটি ই-রিকশার পাশাপাশি ২০টিরও বেশি মোটরসাইকেল ছিল বলেও জানা গেছে। ফলে দুর্ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে এই নৌ-পরিষেবা চালানো হচ্ছিল। নৌকাটিতে মেরিন ইঞ্জিন ছিল না এবং যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। এমনকি পানির ওপর বাঁশের সাঁকো বা অনিরাপদ ব্যবস্থার মাধ্যমে যাত্রী পারাপার করা হতো বলেও স্থানীয়দের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *