ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযান উদ্ধার ১৭ হাজার ইয়াবা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের বড়সড় চেষ্টা বানচাল করল বিএসএফ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে গাঙ্গপাড় এলাকা থেকে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকা। জানা গেছে, জগন্নাথি বিওপির অধীন গাঙ্গপাড় এলপি স্কুল সংলগ্ন এলাকায় ১৭১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা নজরদারি চালাচ্ছিলেন। কাঁটাতারের বেড়া পেরিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে পাচারের প্রস্তুতি চলছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল।

রাতে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই বিএসএফ তৎপর হয়। পরিস্থিতি আঁচ করে পাচারকারীরা দু’টি পুঁটলি ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পুঁটলি দু’টি উদ্ধার করা হয়। একটি থেকে ১৪ হাজার এবং অন্যটি থেকে ৩ হাজার—মোট ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। খবর পেয়ে গিরিশগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাচারকারীদের ধরতে তল্লাশি চালানো হলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইয়াবাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কোনও বড় মাদকচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পাচারকারীদের শনাক্ত করতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *