বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাটে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রীর পুতুল দাহ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ লাহরিঘাট বাজারের মূল সড়কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রীর প্রদীপ প্রজ্বলনের আহ্বানের বিরোধিতা করে সংগঠনের সদস্যরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।প্রতিবাদকারীরা বাজারের মূল সড়কে প্রধানমন্ত্রীর একটি পুতুল দাহ করার পাশাপাশি প্রধানমন্ত্রী হায় হায়, বিজেপি গো ব্যাক, অসম সরকার হায় হায়, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে লাহরিঘাট বাজারের মূল সড়ক ও তার আশপাশের এলাকা।
এদিকে, প্রতিবাদ করার খবর পেয়ে লাহরিঘাট থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির নেতা ফিরদৌস জিন্নাসহ মোট ৪ জন প্রতিবাদকারীকে আটক করে থানায় নিয়ে যায়।



