বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল AIUDF। দলের সভাপতি বদরুদ্দিন আজমলকেই নগাঁও লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। হোজাইয়ে অনুষ্ঠিত এক সভার পর আনুষ্ঠানিকভাবে আজমলের নাম ঘোষণা করা হয়। দলের সহ-সভাপতি আব্দুল কাদির তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
উল্লেখ্য, এই কেন্দ্রে বিজেপি ইতিমধ্যেই প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি নগাঁওয়ের আয়ুক্তের পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন দেবাশিস শর্মা। বিজেপিতে যোগদানের পরই তাঁকে গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত করে দল।
অন্যদিকে, নগাঁও লোকসভা কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়িকা শিবামণি বরার নাম ঘোষণা করা হয়েছে। সোমবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতার কথা জানায়।
ফলে নগাঁও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। AIUDF, বিজেপি ও কংগ্রেস—তিন দলের প্রার্থী ঘোষণার পর নির্বাচনী লড়াই আরও জমে উঠেছে।



