আলফা (স্বা)-র শিবিরে ফের বড় ধাক্কা, পুলিশের কাছে জ্যেষ্ঠ ক্যাডারের আত্মসমর্পণ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : আলফা (স্বাধীন)-এর শিবিরে ফের বড় ধাক্কা। সংগঠনটির এক জ্যেষ্ঠ ক্যাডার পুলিশের কাছে আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে এসেছেন। সোমবার আলফা (স্বা)-র জ্যেষ্ঠ সদস্য দিগন্ত চুতিয়া ওরফে অনলজয় অসম তিনসুকিয়া পুলিশের সামনে আত্মসমর্পণ করেন।

জানা গেছে, আত্মসমর্পণকারী ক্যাডারটি সংগঠনের অভ্যন্তরে স্বঘোষিতভাবে ‘মেজর’ পদমর্যাদায় পরিচিত ছিলেন। তাঁর বাড়ি তিনসুকিয়া জেলার বরডুমসা থানার অন্তর্গত তালপথার গ্রামে বলে জানা গেছে। আত্মসমর্পণের পর বর্তমানে তিনি তিনসুকিয়া পুলিশের হেফাজতে রয়েছেন।

বিশেষ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অনলজয় অসম মায়ানমারের যজোং এলাকায় আত্মগোপন করে ছিলেন। সেখানে থাকাকালীন তিনি মায়ানমারের এক তরুণীকে বিয়ে করেন এবং সেখানেই জীবনযাপন করছিলেন। বিভিন্ন পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত সশস্ত্র সংগঠনের পথ ত্যাগ করে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন তিনি বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, সম্প্রতি অসমে নিষিদ্ধ সশস্ত্র সংগঠনগুলির সঙ্গে যুক্ত সদস্যদের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকজন সদস্য সশস্ত্র পথ ছেড়ে মূলস্রোতে ফিরে আসার ঘটনাও ঘটেছে।

আলফা (স্বা)-র মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পর দিগন্ত চুতীয়া ওরফে অনলজয় অসমের এই আত্মসমর্পণ তিনসুকিয়া জেলার নিরাপত্তা পরিস্থিতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। পুলিশ তাঁর কাছ থেকে সংগঠনের বিভিন্ন কার্যকলাপ এবং তাঁর পূর্ববর্তী কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।

তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে আত্মসমর্পণকারী ক্যাডারের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সময়কাল, দায়িত্ব এবং অন্যান্য বিষয় আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *