চিকিৎসাসেবা মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত একটি মহান দায়িত্ব : কৌশিক

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ৫৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে অনুষ্ঠিত হল ফ্রেশার্স অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং চিকিৎসা শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সমাজসেবার প্রতি তাঁদের দায়িত্ববোধ গড়ে তোলার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী তথা চেয়ারম্যান কৌশিক রায় নবনিযুক্ত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। চিকিৎসা পেশা শুধুমাত্র একটি জীবিকা নয়, এটি মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত একটি মহান দায়িত্ব—এই বিষয়টি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। নিষ্ঠা, সহমর্মিতা, মানবিকতা ও দায়িত্ববোধকে চিকিৎসা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের এই চিকিৎসা শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে মানুষের সেবায় কাজে লাগাবেন। তাঁদের নিষ্ঠা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজের প্রতি অঙ্গীকার বরাক উপত্যকা তথা অসমের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কণাদ পুরকায়স্থ, শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ অভিজিৎ স্বামী, সুপারিনটেনডেন্ট ডাঃ বিকাশ সান্দাল্য-সহ কলেজ ও হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তাঁদের আগামী শিক্ষাজীবন সাফল্যমণ্ডিত ও মানবকল্যাণে নিবেদিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *