অসমে ১০০ শতাংশ রেলপথ বিদ্যুতায়ন সম্পূর্ণ, বড় সাফল্য রেলের

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : অসমের রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হল গুরুত্বপূর্ণ এক মাইলফলক। রাজ্যের ১০০ শতাংশ রেলপথের বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই সাফল্যের কথা ঘোষণা করেছেন।
রেলমন্ত্রী জানান, অত্যন্ত দুর্গম ১৬৯ কিলোমিটার দীর্ঘ লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথের বিদ্যুতায়নের কাজ শেষ হওয়ার পরই অসমের রেলপথের সম্পূর্ণ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যে রেলপথ বিদ্যুতায়নের দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটল।

ডিমা হাসাও জেলার দুর্গম পাহাড়ি এলাকার মধ্য দিয়ে লামডিং-বদরপুর রেলপথ যাওয়ায় এই অংশের বিদ্যুতায়ন ছিল রেল বিভাগের কাছে বড় চ্যালেঞ্জ। দুর্গম ভূপ্রকৃতি, পাহাড়ি ঢাল এবং কঠিন রেলপথের কারণে প্রকল্পের কাজ বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে।

অসমের সম্পূর্ণ রেলপথ বিদ্যুতায়নের ফলে ট্রেন পরিষেবার দক্ষতা বাড়ার পাশাপাশি ডিজেলের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে রেলের পরিচালন ব্যয় এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বৈদ্যুতিক ট্রেন চলাচলের ফলে রেল পরিষেবার গতি ও কার্যক্ষমতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এদিকে, এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। অসমের রেল যোগাযোগের পরিকাঠামো উন্নয়নে সম্পূর্ণ বিদ্যুতায়ন নতুন দিশা দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *