আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে রামানুজ গোস্বামীর মৃতদেহ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : আজ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে স্ত্রীহত্যার অভিযোগে অভিযুক্ত রামানুজ গোস্বামীর মৃতদেহ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাঁর ময়নাতদন্ত। বর্তমানে রামানুজের নিথর দেহ গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)-এর মর্গে রাখা হয়েছে।

জানা গিয়েছে, ধুবড়ি জেলার গৌরীপুরে রামানুজের নিজ বাসভবনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃতদেহ গ্রহণের জন্য রামানুজের পরিবারের সদস্যরা ইতিমধ্যে জিএমসিএইচের উদ্দেশে রওনা হয়েছেন।

উল্লেখ্য, সোমবার ভোররাতে মৃত্যু হয় স্ত্রীহত্যার অভিযোগে অভিযুক্ত রামানুজ গোস্বামীর। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ বোধ করার কথা জানান। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে পুলিশ তাঁকে জিএমসিএইচে নিয়ে যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, পথে টিভি টাওয়ারের কাছে পুলিশের গাড়িটির একটি টায়ার পাংচার হয়ে যায়। সেই সুযোগে রামানুজ কর্তব্যরত এক কনস্টেবলকে আক্রমণ করে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। অন্ধকারে পালানোর সময় তিনি পাহাড় থেকে পিছলে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর পুলিশ তাঁকে দ্রুত জিএমসিএইচে নিয়ে যায়। তবে হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর পর ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখন পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *